পাক-আফগান সীমান্ত উত্তেজনা: তালেবানের সামরিক সক্ষমতা ও যুদ্ধের কৌশল – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে, যেখানে উভয় পক্ষই পাল্টাপাল্টি ক্ষয়ক্ষতির দাবি করছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি চেকপোস্ট দখলের দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করে জানিয়েছে, তাদের পাল্টা হামলায় ৩৬ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। মূলত নিষিদ্ধ সংগঠন টিটিপি-কে আফগান মদত দেওয়া নিয়ে এই সংঘাতের সূত্রপাত।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কম কারণ তালেবানের সেই ধরনের উন্নত সামরিক সরঞ্জাম বা বিমানবাহিনী নেই। তবে তালেবান তাদের দুই দশকের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা এবং মার্কিন বাহিনীর ফেলে যাওয়া কয়েক লাখ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে সীমান্ত সংঘর্ষ চালিয়ে যেতে পারে। অর্থনৈতিক সংকটের কারণে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো তাদের পক্ষে কঠিন হলেও তারা অভ্যন্তরীণ সংহতি রক্ষায় এই উত্তেজনা জিইয়ে রাখছে।
তালেবানের হাতে বর্তমানে এম-১৬ রাইফেল, রকেট লঞ্চার এবং স্কাড মিসাইলের মতো অস্ত্র থাকলেও আকাশপথে তারা দুর্বল। বিশেষজ্ঞ ইফতিখার ফিরদৌসের মতে, তালেবানরা সরাসরি যুদ্ধের বদলে পাকিস্তানের শহরগুলোতে টিটিপির মাধ্যমে নাশকতামূলক হামলা বাড়িয়ে প্রতিশোধ নেওয়ার কৌশল নিতে পারে। সীমান্ত এলাকায় কামানের ব্যবহার এবং সীমিত সংঘর্ষের মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

