পিলখানা খুনের ৪ দিন পরেও অধরা মূল পান্ডারা! পুলিশের ব্যারিকেড ভেঙে গোলাবাড়ি থানা রণক্ষেত্র করল বামেরা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার পিলখানায় প্রোমোটার সৌফিক খান হত্যাকাণ্ডের চার দিন পার হলেও মূল অভিযুক্ত হারুন খান ও রাফাকাত হোসেন এখনও পুলিশের জালে ধরা না পড়ায় চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। এদিন খুনিদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধের দাবিতে সরব হয়ে গোলাবাড়ি থানা ঘেরাও করে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI) কর্মীরা।
উত্তর হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্ক থেকে মিছিল করে বাম কর্মী-সমর্থকরা থানার সামনে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের তৈরি করা শক্তিশালী ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন আন্দোলনকারীরা, চলে লাথি ও ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসায় রণক্ষেত্রের চেহারা নেয় থানা চত্বর।
উল্লেখ্য, এই মামলার তদন্তভার ইতিমধ্যেই রাজ্য সিআইডি-র হাতে গিয়েছে। পুলিশ হারুনের কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও মূল চক্রীরা এখনও ফেরার। পুলিশের এই ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলেই এদিন রাজপথে নামে বাম সংগঠনগুলি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

