লেটেস্ট নিউজ

পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে মালদায় রণক্ষেত্র, অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ

পুরাতন মালদা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানের পর পুলিশি হেফাজতে সেকেন্দার আলি (৩৭) নামে এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে রেলওয়ে ট্রেনিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আটক করার পর থানায় নিয়ে গিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে যুবক অসুস্থ হওয়ার খবর দেওয়া হলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন চালিশাপাড়া এলাকার বাসিন্দারা। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মৃতের পরিবারের দাবি, সেকেন্দারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা পুলিশি নির্যাতনের প্রমাণ দেয়। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী ও আত্মীয়রা।

মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে আজ সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা রয়েছে মৃতের পরিবারের। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *