পুলিশের চোখে ধুলো দিয়ে খোদ সরকারি গাড়ি থেকেই উধাও ব্যাটারি দুষ্কৃতীদের খোঁজে সিসিটিভি তল্লাশি – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরের বুকে খোদ পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরির চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়েছে। বাইপাসের সংলগ্ন সার্ভে পার্ক থানা এলাকায় রাতে পার্কিং করে রাখা একটি পুলিশের গাড়ি থেকে কৌশলে ব্যাটারি খুলে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক এলাকার ইস্ট রাজাপুর রোডে ডিউটিরত একটি পুলিশের গাড়ি পার্কিং করে রাখা ছিল। ওই গাড়িটি সাধারণত তিনজন চালক পর্যায়ক্রমে চালান। ঘটনার রাতে এক চালক গাড়িটি নির্দিষ্ট স্থানে রেখে চলে যান। পরদিন সকালে ডিউটিতে আসা অন্য এক পুলিশকর্মী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে দেখেন, সেটির ভিতর থেকে ব্যাটারি গায়েব হয়ে গিয়েছে। চালককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো সদুত্তর মেলেনি।
বিষয়টি জানাজানি হতেই ইস্ট ডিভিশনের উচ্চপদস্থ পুলিশকর্তাদের নির্দেশে তদন্তে নামে সার্ভে পার্ক থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রাতে চালক না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা গাড়িতে হানা দিয়ে ব্যাটারিটি চুরি করেছে। চুরি যাওয়া ব্যাটারির সন্ধানে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্ত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

