পূর্ব ভারতে প্রথম: আরজি কর হাসপাতালে মৃত দাতার হাড়ে প্রাণ ফিরল যুবকের
চিকিৎসা বিজ্ঞানে নয়া ইতিহাস গড়ল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পূর্ব ভারতের মধ্যে প্রথমবার ‘ফ্রেশ ক্যাডাভেরিক অ্যালোগ্রাফট’ পদ্ধতিতে এক ৩১ বছর বয়সি যুবকের পায়ে সফলভাবে মৃত দাতার হাড় প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। উত্তর ২৪ পরগনার বিরার বাসিন্দা পেশায় শ্রমিক রিজাউদ্দিন মণ্ডলের চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া হাঁটু পুনর্গঠনে এই বিরল অস্ত্রোপচার করা হয়েছে।
২০২৩ সালে এক লরি দুর্ঘটনায় রিজাউদ্দিনের ডান পায়ের ‘ডিস্টাল ফিমার’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একাধিক অস্ত্রোপচারের পরেও স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা না ফেরায় চেন্নাই থেকে মৃত দাতার হাড় আনিয়ে এই প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাড়ের ঘাটতি পূরণে থ্রি-ডি প্রিন্ট মডেলের সাহায্যে নিখুঁত মাপে দাতার হাড় বসানো হয়েছে। সরকারি সহায়তায় প্রায় ২.৪ লক্ষ টাকা ব্যয়ে এই জটিল প্রক্রিয়া সম্পন্ন হয়।
হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গত ১৭ ফেব্রুয়ারি এই সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। বর্তমানে রোগী স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই রিজাউদ্দিন পুনরায় স্বাভাবিক কর্মক্ষম জীবনে ফিরতে পারবেন। এই সাফল্য ট্রমাকেয়ার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

