লেটেস্ট নিউজ

পেট্রোল-ডিজেলের দামে বড় স্বস্তি: আবগারি শুল্ক কমাল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দাম ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আজ, ২৭শে মার্চ থেকে পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, পেট্রোলের শুল্ক লিটার প্রতি ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে এবং ডিজেলের ক্ষেত্রে আগের ১০ টাকার শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

শুল্ক হ্রাস করা হলেও বর্তমানে বিভিন্ন রাজ্যে জ্বালানির খুচরা দামে সরাসরি কোনো পরিবর্তন দেখা যায়নি। কেন্দ্রের বক্তব্য, তেল কো ম্পা নিগুলো যাতে বর্ধিত মূল্যের বোঝা সাধারণ মানুষের ওপর না চাপায়, সেই উদ্দেশ্যেই এই শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারগুলোকেও নিজস্ব শুল্ক কমানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে সাধারণ নাগরিকরা এই ১০ টাকার শুল্ক হ্রাসের সুবিধা সরাসরি উপভোগ করতে পারেন।

বর্তমানে দেশের প্রধান শহরগুলোর মধ্যে দিল্লিতে পেট্রোল ৯৪.৭৭ টাকা ও ডিজেল ৮৭.৬৭ টাকায় বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৪৫ টাকা এবং ডিজেল ৯২.০২ টাকা। অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে পেট্রোলের দাম ১০৩.৫৪ টাকা এবং কর্ণাটকে ১০২.৯২ টাকা। এই শুল্ক ছাড়ের ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার অতিক্রম করলেও আপাতত অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *