প্রজাতন্ত্র দিবসে চরম শোক: মুম্বাই ও ওড়িশায় দুই খুদের প্রাণহানি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বাইয়ের ভিক্রোলিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে লাউডস্পিকার গায়ের ওপর পড়ে জাহ্নবী সোলকার নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সরু গলিতে দৌড়ানোর সময় এক ব্যক্তির ধাক্কায় স্পিকারের তারে টান লেগে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
অন্যদিকে ওড়িশার জগৎসিংপুরে কোচিং সেন্টারে পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমপ্রকাশ দ্বিবেদী নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে পড়াশোনার জন্য আত্মীয়ের বাড়িতে থাকত। জাতীয় উৎসবের দিনে এমন দুটি পৃথক ও হৃদয়বিদারক ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

