প্রাক্তনকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে সুস্মিতা রায়, মা হওয়ার গুঞ্জন ঘিরে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
অভিনেত্রী ও ব্যবসায়ী সুস্মিতা রায় তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের এক বছর কাটতে না কাটতেই ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সুস্মিতা জানান, কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েই এই নতুন পথচলার শুরু। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বুধবারই তাঁদের চার হাত এক হয়েছে।
বিয়ের আগে সুস্মিতার আইবুড়ো ভাতের ছবি পোস্ট হতেই নেটপাড়ায় বিতর্ক শুরু হয়। অভিনেত্রীর প্রাক্তন দেওর সায়ক একটি পুরনো ‘সাধ’ অনুষ্ঠানের ছবি শেয়ার করে বিদ্রূপাত্মক মন্তব্য করায় জলঘোলা আরও বাড়ে। নেটিজেনদের একাংশ একে স্রেফ প্রচার পাওয়ার কৌশল হিসেবে দেখলেও, শুভাশিসের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে সুস্মিতা সমস্ত জল্পনায় ইতি টেনেছেন।
এদিকে বিয়ের রেশ কাটতে না কাটতেই সুস্মিতার মা হওয়ার খবর নিয়ে শোরগোল শুরু হয়েছে। অভিনেত্রী বারবার নিজের মাতৃসত্ত্বা উপভোগ করার ইচ্ছা প্রকাশ করায় এবং তাঁর সাম্প্রতিক কিছু ছবি দেখে অনুরাগীদের ধারণা তিনি অন্তঃসত্ত্বা। যদিও মা হওয়ার বিষয়ে সুস্মিতা নিজে এখনও পর্যন্ত সরাসরি কোনো ঘোষণা দেননি। তবে তাঁর এই বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত তোলপাড় বিনোদন জগত।

