প্রাক্তন স্ত্রীর কাছে কোটি কোটি টাকা ফেরত পাবেন ধাওয়ান, কোর্টের নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আদালত কক্ষেই হাসলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চলা দীর্ঘ আইনি লড়াইয়ে এক ঐতিহাসিক জয় পেলেন তিনি। দিল্লির পাতিয়ালা হাউস ফ্যামিলি কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আয়েশাকে ৫.৭ কোটি টাকা ফেরত দিতে হবে ধাওয়ানকে। শুধু তাই নয়, মামলার দিন থেকে বার্ষিক ৯ শতাংশ হারে সুদও গুনতে হবে তাঁকে।
কেন এই কড়া নির্দেশ আদালতের
বিচারক দেবেন্দ্র কুমার গর্গ তাঁর রায়ে স্পষ্ট করেছেন যে, অস্ট্রেলিয়ার আদালতের দেওয়া সম্পত্তি বিভাজন সংক্রান্ত নির্দেশ ভারতের আইনে কোনোভাবেই বৈধ নয়। ধাওয়ান ও আয়েশার বিয়ে ভারতে হয়েছিল এবং এখানকার আইনেই তা নথিভুক্ত। ফলে বিদেশি আদালতের এই মামলায় হস্তক্ষেপ করার কোনো এক্তিয়ার নেই। আদালত আরও জানিয়েছে, ধাওয়ানের থেকে ভয় দেখিয়ে বা প্রতারণা করে যেসব নথিতে সই করানো হয়েছিল, সেগুলোর কোনো আইনি মূল্য নেই।
ধাওয়ানের বিস্ফোরক অভিযোগ
ধাওয়ান আদালতে দাবি করেছিলেন, ২০১২ সালে বিয়ের পর থেকেই তাঁর ক্যারিয়ার ও সম্মান নষ্ট করার হুমকি দেওয়া হতো। এমনকি আর্থিক চাহিদা পূরণ না করলে তাঁর বিরুদ্ধে মানহানিকর তথ্য ছড়ানোর ভয় দেখানো হয়েছিল। নিজের উপার্জনে কেনা সম্পত্তি জোর করে প্রাক্তন স্ত্রীর নামে লিখিয়ে নিতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
একতরফা রায় এবং ধাওয়ানের নতুন জীবন
আশ্চর্যের বিষয় হলো, বারবার সমন পাঠানো সত্ত্বেও আয়েশা মুখোপাধ্যায় আদালতে উপস্থিত হননি। ফলে আদালত একতরফাভাবেই এই রায় ঘোষণা করে। ২০২৩ সালেই ধাওয়ানের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছিল দিল্লির আদালত। দীর্ঘ টালবাহানা ও মানসিক যন্ত্রণার ইতি টেনে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি শোফিয়া নামক এক মহিলার সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ধাওয়ান। আদালতের এই জয় তাঁর নতুন জীবনে এক পজিটিভ মোড় নিয়ে এলো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

