ফিল্ডিংয়ে তথৈবচ দশা ভারতের, ক্যাচ মিসের পরিসংখ্যানে ২০ দলের মধ্যে ১৯ নম্বরে সূর্যরা
চলতি বিশ্বকাপে টানা জয় পেলেও ফিল্ডিং নিয়ে চরম অস্বস্তিতে ভারতীয় শিবির। গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৯টি ক্যাচ মিস করে ২০ দলের মধ্যে তালিকার ১৯ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন সূর্যকুমার যাদবরা, যার সুযোগ নিয়ে ডাচরা ১৭৬ রান তুলে ফেলে। এশিয়া কাপের পর বিশ্বকাপে ফিল্ডিংয়ের এই ধারাবাহিক ব্যর্থতা এখন কোচ গৌতম গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
পরিসংখ্যান অনুযায়ী, আয়ারল্যান্ডের পরেই সবচেয়ে খারাপ ক্যাচিং রেকর্ড ভারতের, যেখানে তাদের ক্যাচ ধরার গড় ৭০ শতাংশের নিচে। ৪ ম্যাচে ১০টি ক্যাচ মিস করে তালিকার শীর্ষে রয়েছে আইরিশরা। এমনকি নামিবিয়ার মতো তুলনামূলক ছোট দলগুলোও ফিল্ডিংয়ের দক্ষতায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। ব্যাটিং ও বোলিং বিভাগে দাপট থাকলেও ক্যাচ মিসের এই প্রবণতা নক-আউট পর্বের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাবেক পেসার বরুণ অ্যারন দলের এই পারফরম্যান্সে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, গত এক বছরে ক্যাচিংয়ের নিরিখে ভারত অন্যতম দুর্বল দল হিসেবে উঠে এসেছে এবং প্রতি ম্যাচে গড়ে ২-৩টি ক্যাচ ছাড়া হচ্ছে। সুপার এইট ও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এই ধরনের সাধারণ ভুল বড় মাশুল ডেকে আনতে পারে। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ফিল্ডিংয়ের মান দ্রুত উন্নয়নের পরামর্শ দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

