লেটেস্ট নিউজ

ফুটবল মাঠ থেকে সরাসরি মৃত্যু! হাসপাতালে পৌঁছেও কেন বাঁচলেন না সাংসদ?

শিলংয়ের জনপ্রিয় সাংসদ রিকি এজে সিঙ্গকনের আকস্মিক মৃত্যুতে মেঘালয়ের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। বৃহস্পতিবার সন্ধ্যায় মালওয়াই মাওইং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ৫৪ বছর বয়সী এই সাংসদ আচমকা অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোনো প্রাথমিক চিকিৎসাও পাননি তিনি।

পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় তাঁকে ডা. এইচ গর্ডন রবার্টস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও ভর্তির কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বর্ষীয়ান নেতা ভিনসেন্ট পালাকে বিশাল ব্যবধানে হারিয়ে সাংসদ নির্বাচিত হওয়া এই নেতার এমন মর্মান্তিক পরিণতিতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাংসদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে এক জন জনপ্রতিনিধি হয়েও কেন তিনি ন্যূনতম চিকিৎসা পরিষেবা পেলেন না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। একজন সাংসদ যদি চিকিৎসা সংকটে প্রাণ হারান, তবে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়—এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *