ফেব্রুয়ারিতেই পারদ ৩১ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা থাকলেও দাপট বাড়বে গরমের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:58 pm
বসন্তের শুরুতেই রাজ্যে বিদায় নিয়েছে শীত, পরিবর্তে জাঁকিয়ে বসতে শুরু করেছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির শেষভাগেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও সামগ্রিকভাবে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা গরম থেকে বিশেষ স্বস্তি দেবে না। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এবং দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে হওয়ায় ওড়িশা বা পশ্চিমবঙ্গ উপকূলে এর বড় কোনো প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।
শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে; সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মঙ্গলবার বৃষ্টির পরিধি সামান্য বাড়লেও বুধবার থেকে পুনরায় আকাশ পরিষ্কার হয়ে যাবে। ফলে বৃষ্টির উপস্থিতিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও রোদের তেজ কমার কোনো ইঙ্গিত নেই।

