ফের উত্তপ্ত বীরভূম! অনুব্রত বনাম কাজল সংঘাতের জেরে সিউড়িতে বোমাবাজি আর তাণ্ডব – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের দামামা বাজার আগেই রণক্ষেত্র বীরভূমের সিউড়ি। কেষ্ট বনাম কাজল—তৃণমূলের এই দুই শিবিরের ক্ষমতার লড়াইয়ে ফের রক্তাক্ত হওয়ার জোগাড় জেলা। অভিযোগ, সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে চলল মুহুর্মুহু বোমা, চলল দেদার ভাঙচুর। আতঙ্কে ঘরবন্দি সাধারণ মানুষ।
ঘটনার সূত্রপাত পয়ঃপ্রণালীর একটি কাজকে কেন্দ্র করে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত নুরুল ইসলামের তত্ত্বাবধানে একটি ড্রেন তৈরির কাজ চলছিল। অনুব্রত মণ্ডল অনুগামীদের দাবি, সেই কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। এই নিয়ে প্রতিবাদ জানাতেই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, কাজল শিবিরের লোকজন আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চড়াও হয় অনুব্রত গোষ্ঠীর সদস্যদের ওপর। এলাকায় দফায় দফায় বোমাবাজি হয় এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয় বলে খবর।
পাল্টা সুর চড়িয়েছে কাজল শেখ শিবিরও। তাঁদের দাবি, উন্নয়নমূলক কাজে বাধা দিতেই ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানো হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের এই ছায়া এখন পুরো সিউড়ি জুড়ে। বিধানসভা ভোটের আগে খোদ তৃণমূলের দুই প্রভাবশালী নেতার অনুগামীদের এমন সংঘর্ষে চরম অস্বস্তিতে শাসক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে থমথমে ভাব কাটেনি, যে কোনো সময় ফের অশান্তির আশঙ্কা করছে জেলা প্রশাসন।

