ফের বিতর্কে যশের ‘টক্সিক’, উগ্র পৌরুষ ও নারী চরিত্রের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
দক্ষিণী সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর দ্বিতীয় ঝলক মুক্তি পেতেই দানা বেঁধেছে নতুন বিতর্ক। ট্রেলারে অত্যধিক হিংসা, রক্তারক্তি এবং উদ্দাম যৌনতার দৃশ্য ঘিরেই মূলত সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। প্রথম ঝলকের পর এবারও ছবিটির বিরুদ্ধে উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ উঠেছে, যা নিয়ে সমাজমাধ্যমে চলছে জোর চর্চা।
ছবির এই নতুন ঝলকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে শুধু যশকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নয়নতারা, কিয়ারা আডবাণী ও তারা সুতারিয়ার মতো প্রথম সারির অভিনেত্রীদের উপস্থিতির কথা আগে জানানো হলেও, ট্রেলারে তাঁদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি। বরং নারীদের উপস্থিতি কেবল শয্যাসঙ্গিনী হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়েছে বলে সমালোচকদের দাবি। যশের মারমুখী মেজাজ ও হত্যালীলার ভিড়ে নারী চরিত্রদের গুরুত্বহীন করে রাখার বিষয়টি নজর কেড়েছে সবার।
মহিলা পরিচালক হয়েও গীতু মোহনদাস কেন নারীদের এভাবে উপস্থাপন করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে পরিচালক গীতু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবিতে নারী চরিত্রদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা সময়মতো প্রকাশ করা হবে। বিতর্ক সত্ত্বেও ছবির উগ্র মেজাজ ও যশের বিধ্বংসী অবতার ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে।

