ফ্রি রেশন কি হাতছাড়া হবে? ৩১ মার্চের মধ্যে ই-কেওয়াইসি করার কড়া নির্দেশ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছে দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। মূলত ভুয়া রেশন কার্ড শনাক্ত করে সরকারি অপচয় রোধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্রতি পাঁচ বছর অন্তর গ্রাহকদের তথ্য যাচাইয়ের এই পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৮৭ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। আধার সংযোগ, আঙুলের ছাপ ও মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে যুক্ত হলে গ্রাহক ও প্রশাসন উভয়ই লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে পারবে। কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ জাল বা ডুপ্লিকেট কার্ড রয়েছে। এই ভুয়া কার্ডগুলো বাতিল করা সম্ভব হলে সরকারের প্রায় ৪,৩৭৮ কোটি টাকা সাশ্রয় হবে।
অযোগ্য গ্রাহক যেমন আয়করদাতা বা সরকারি কর্মচারীদের তালিকা থেকে বাদ দিতে রাজ্যগুলিকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে, ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ এই প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিলেও বকেয়া কমিশনের দাবিতে সরব হয়েছে। উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব ‘খাদ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে সকলকে খাদ্যশস্য প্রদান করায় রাজ্যের গ্রাহকদের ক্ষেত্রে এই কেন্দ্রীয় নিয়ম বিশেষ প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে।

