লেটেস্ট নিউজ

বকখালির সমুদ্রতটে যুদ্ধবিমানের আকৃতির বিশাল ড্রোন উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার বকখালি সংলগ্ন পশ্চিম অমরাবতী গ্রামের সমুদ্রতটে একটি বিশালাকার ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় মৎস্যজীবীরা প্রথম এই রহস্যময় ডিভাইসটি দেখতে পান। হলুদ ও লাল রঙের ড্রোনটি দেখতে অনেকটা যুদ্ধবিমানের মতো হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটিকে নিজেদের হেফাজতে নেয়। সেটির ভেতরে বিভিন্ন বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ থাকায় প্রাথমিক পরীক্ষা চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ড্রোনটির গঠন ‘শিকরা’ মডেলের মতো, যা সাধারণত প্রতিরক্ষা বাহিনীর উচ্চগতির আকাশসীমা প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। তবে এটি কীভাবে জনবহুল পর্যটনকেন্দ্রের কাছে এল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রহস্যময় এই ড্রোন উদ্ধারের ঘটনায় নিরাপত্তার প্রশ্নে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। পুলিশ জানিয়েছে, ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য প্রয়োজনে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। বর্তমানে সমুদ্রতটে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং কোনো নাশকতামূলক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *