বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘট, পাল্টা হুঁশিয়ারি নবান্ন ও শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা। Supreme \titleonly কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ না মেলায় এই আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। পালটা কড়া পদক্ষেপ হিসেবে নবান্ন নির্দেশিকা জারি করে জানিয়েছে, আজ সমস্ত সরকারি দফতর ও অনুদানপ্রাপ্ত সংস্থায় হাজিরা বাধ্যতামূলক। ধর্মঘটে শামিল হয়ে বিনা কারণে অনুপস্থিত থাকলে বেতন কাটা হবে এবং ওই দিনটিকে ‘ডাইস নন’ হিসেবে গণ্য করা হবে। একমাত্র চিকিৎসাজনিত বা বিশেষ জরুরি ছুটি আগে থেকে অনুমোদিত থাকলে এই নিয়মে ছাড় মিলবে।
রাজ্য সরকারের এই হুঁশিয়ারির মুখে আন্দোলনকারী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ডিএ-র দাবিতে এই লড়াইকে তাঁরা পূর্ণ সমর্থন করছেন। রাজ্য সরকার যদি ধর্মঘটি কর্মীদের বেতন কাটে বা কোনও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, তবে বিজেপি তাঁদের আইনি সহযোগিতা প্রদান করবে। রাজ্য বিজেপি সভাপতির উপস্থিতিতে শুভেন্দু ডিএ প্রাপকদের আইনি লড়াইয়ে দলের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, নবান্নের কড়া বার্তা উপেক্ষা করেই নিজেদের দাবিতে অনড় রয়েছেন সরকারি কর্মীরা। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা। এরই মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএ সংক্রান্ত Supreme \titleonly কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে। এর আগে বকেয়া মেটানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য। বর্তমানে একদিকে সরকারি কর্মীদের ধর্মঘট আর অন্যদিকে সরকারের আইনি ও প্রশাসনিক অনমনীয়তায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

