লেটেস্ট নিউজ

বকেয়া ডিএ: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, ডিএ পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার। তবে আদালতের সেই নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া অর্থ না মেটানোয় ক্ষোভ বাড়ছে কর্মী মহলে। বকেয়া মেটানোর কোনো কার্যকর উদ্যোগ না দেখে এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’।

সংগঠনটির অভিযোগ, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গেও অসহযোগিতা করছে রাজ্য প্রশাসন। এর আগে মুখ্যসচিব ও অর্থসচিবকে আইনি নোটিস পাঠানো হলেও কোনো সদুত্তর মেলেনি। ডিএ-র বাকি ৭৫ শতাংশ মেটানোর রূপরেখা তৈরির জন্য গঠিত কমিটির আলোচনার আহ্বানেও রাজ্য সাড়া দেয়নি বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের রায়কে অবজ্ঞা করার অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকারের কোনো ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে না। সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ২৫ শতাংশ বকেয়া পরিশোধে টালবাহানা করায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ৩১ মার্চের মধ্যে বকেয়ার প্রথম কিস্তি মেটানোর বাধ্যবাধকতা থাকলেও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা আগামী দিনে আইনি জটিলতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *