লেটেস্ট নিউজ

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শীতের বিদায়বেলায় রাজ্যজুড়ে বাড়ছে ভ্যাপসা গরম। এরই মধ্যে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিধি বেড়ে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে নতুন করে ঠান্ডা ফেরার কোনো ইঙ্গিত নেই। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে অস্বস্তিকর গরম বজায় থাকবে এবং দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *