লেটেস্ট নিউজ

বড়ঞায় উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য

মুর্শিদাবাদের বড়ঞা থানার মান্থারা গ্রামে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম বিষ্ণু ভল্লা (১৭)। সে আদতে নারায়ণপুর গ্রামের বাসিন্দা হলেও মান্থারায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। শুক্রবার সকালে মামার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গাছ থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেছিল বিষ্ণু। তবে দিনভর সে অত্যন্ত বিমর্ষ ছিল এবং সন্ধ্যায় আবারও নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরিবারের দাবি, পার্শ্ববর্তী গ্রামের এক নাবালিকার সঙ্গে প্রেমঘটিত টানাপড়েনের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি নিছকই আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ জানতে কিশোরের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *