লেটেস্ট নিউজ

বদলে গেল লখনৌ সুপার জায়ান্টসের পরিচয়, ২০২৬ আইপিএলের আগে সঞ্জীব গোয়েঙ্কার মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের আঙিনায় পা রাখার পর থেকেই ট্রফির খোঁজে মরিয়া লখনৌ সুপার জায়ান্টস। কখনও অধিনায়ক বদল, কখনও আবার কোচিং স্টাফে রদবদল— সাফল্য পেতে কোনও খামতিই রাখেনি ফ্র্যাঞ্চাইজ়িটি। তবে ২০২৬ সালের মেগা টুর্নামেন্টে নামার আগে এবার খোলনলচে বদলে ফেলার পথে হাঁটলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এবার আর মাঠের কৌশল নয়, বরং দলের সামগ্রিক পরিচিতি ও ব্র্যান্ডিংয়ে এল এক আমূল পরিবর্তন। সরকারিভাবে ঘোষণা করা হলো লখনৌ সুপার জায়ান্টসের নতুন লোগো।

বিশ্বজুড়ে একই ঘরানার ব্র্যান্ডিং

সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন RPSG গ্রুপ বিশ্ব ক্রিকেটে ধীরে ধীরে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের মালিকানা স্বত্ব কেনেন তিনি। দলটির নতুন নাম রাখা হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস। লক্ষণীয় বিষয় হলো, লখনৌয়ের নতুন লোগোর সঙ্গে এই ম্যানচেস্টার ফ্র্যাঞ্চাইজ়ির লোগোর অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ম্যানচেস্টারের লোগোতে একটি হাতির মুখের অবয়ব এবং তার উপরে মুকুটের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ঠিক সেই একই আদলে এবার তৈরি হলো লখনৌয়ের নতুন লোগোও। পার্থক্য শুধু একটাই— ম্যানচেস্টারের ক্ষেত্রে পূর্ণ নাম ব্যবহার করা হলেও লখনৌয়ের ক্ষেত্রে লোগোর ওপর লেখা হয়েছে কেবল ‘LSG’।

ক্রীড়াবিশ্বে গোয়েঙ্কার জয়যাত্রা

সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেট প্রেম নতুন কিছু নয়। ২০১৬ এবং ২০১৭ সালে রাইজ়িং পুনে সুপার জায়ান্টসের মাধ্যমে আইপিএলে তাঁর হাতেখড়ি। এরপর ২০২১ সালে রেকর্ড মূল্যে লখনৌ ফ্র্যাঞ্চাইজ়ি কিনে মূল স্রোতে ফেরেন তিনি। শুধু ভারতেই নয়, দক্ষিণ আফ্রিকার SA20 লিগে তাঁর দলের নাম ডারবান সুপার জায়ান্টস। ফুটবলেও তাঁর দাপট অব্যাহত। আইএসএল-এ এটিকে এবং পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে ‘মোহনবাগান সুপার জায়ান্ট’ তৈরি করে তিনি ক্রীড়া জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন।

বিশেষজ্ঞদের মতে, লোগো পরিবর্তনের এই সিদ্ধান্ত আসলে এক বিশ্বজনীন ব্র্যান্ড পরিচিতি তৈরির প্রচেষ্টা। লখনৌ সুপার জায়ান্টসের এই নতুন রূপ ২০২৬ সালের আইপিএলে তাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *