বন্দে ভারতের খাবারে চরম গাফিলতি, আইআরসিটিসিকে ১০ লাখ টাকা জরিমানা করল রেল – এবেলা
এবেলা ডেস্কঃ
পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতীয় রেল। এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে আইআরসিটিসি-র ওপর ১০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার ওপর ৫০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ওই সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিলেরও নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৫৮ কোটি খাবার পরিবেশন করা হলেও অভিযোগের হার অত্যন্ত নগণ্য। তবে গত তিন বছরে এই ধরনের তদন্তের মাধ্যমে প্রায় ২.৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমনকি ২০২৫ সালে প্যান্ট্রি কার কর্মীদের দুর্ব্যবহারের ঘটনায় জিআরপি কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে রেলের পরিষেবা আরও উন্নত করতে মোট ৯টি বড় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে নতুন করে পাঁচটি সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা মূলত পণ্য পরিবহন, নির্মাণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর গুরুত্ব দেবে। বিশেষ করে ভারত থেকে লবণের বাণিজ্যিক পরিবহন বাড়াতে রেলওয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

