লেটেস্ট নিউজ

বন্দে ভারতের খাবারে জ্যান্ত পোকা: গাফিলতির দায়ে IRCTC-কে ১০ লক্ষ টাকা জরিমানা রেলের – এবেলা

এবেলা ডেস্কঃ

পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা পাওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল রেল মন্ত্রক। গত ১৫ মার্চ ওই ট্রেনের যাত্রী রীতেশ কুমার সিংকে পরিবেশন করা দইয়ের বাটিতে জ্যান্ত পোকা নড়াচড়া করতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেল পরিষেবার মান ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

অভিযোগের গুরুত্ব বিচার করে রেল মন্ত্রক ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-কে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি, সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী রীতেশ কুমার সিং নিজে একজন কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় দ্রুত এই বিষয়টি জনসমক্ষে আসে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

রেল সূত্রের খবর, যাত্রীদের নিরাপত্তা ও খাদ্যের গুণমান বজায় রাখা রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ধরণের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। দামী টিকিটের বিনিময়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে কেন এমন নিম্নমানের পরিষেবা দেওয়া হলো, তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *