‘বন্দে মাতরম’ আগে, ‘জনগণমন’ পরে: কেন্দ্রের নতুন নির্দেশিকায় শুরু তীব্র রাজনৈতিক তরজা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ‘জনগণমন’ গাওয়ার আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টির ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই গানের ছ’টি স্তবক ১৯০ সেকেন্ডে গাওয়ার বিধিনিয়মও বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরেই জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূল ও কংগ্রেস এই নির্দেশিকাকে বিজেপির ‘বিভাজনের কৌশল’ এবং রবীন্দ্রনাথকে ছোট করার প্রচেষ্টা বলে তীব্র আক্রমণ শানিয়েছে। শাসকদলের দাবি, ভোটের দিকে তাকিয়েই বাঙালির আবেগ নিয়ে খেলা করছে বিজেপি। পাল্টা জবাবে বিজেপি জানিয়েছে, কোনো মনীষীকে ছোট করা নয়, বরং কংগ্রেসের হাতে হওয়া ঐতিহাসিক বিকৃতি দূর করতেই এই সম্মান পুনরুদ্ধার করা হয়েছে। এই নির্দেশিকা জাতীয় গানের পূর্ণাঙ্গ মর্যাদাকে প্রতিষ্ঠিত করবে এবং দীর্ঘদিনের বিবাদের নিষ্পত্তি ঘটাবে বলে দাবি গেরুয়া শিবিরের।

