বন্ধ হতে পারে ইন্টারনেট! সমুদ্রের গভীরে ওতপেতে থাকা মহাবিপদ চিন্তায় ফেলেছে বিশ্বকে – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবার কেবল তেল বা গ্যাসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঘাত হানতে চলেছে বিশ্বের ডিজিটাল লাইফলাইনের ওপর। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলগুলো এখন চরম ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সমুদ্রের নিচের এই ইন্টারনেট কেবল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা, ডিজিটাল পেমেন্ট এবং এআই নির্ভর সমস্ত প্রযুক্তি।
ভারতসহ গোটা বিশ্বের ডেটা আদান-প্রদানের মেরুদণ্ড হলো এই আন্ডার-সি কেবল। আমাজন, মাইক্রোসফট ও Google-এর মতো টেক জায়ান্টরা এই রুটের ওপর সরাসরি নির্ভরশীল। লোহিত সাগর ও হরমুজ এলাকায় থাকা প্রায় ২০টি গুরুত্বপূর্ণ কেবলের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগ রক্ষা করা হয়। বিশেষ করে টাটা টিজিএন গাল্ফ ও ফ্যালকনের মতো কেবলগুলো ভারতের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের প্রধান উৎস। বর্তমানে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে এই কেবলগুলো কাটা পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।

