লেটেস্ট নিউজ

বসিরহাট দক্ষিণে বিজেপির চিকিৎসক প্রার্থীর ডিগ্রি নিয়ে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকের পরিচয় নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। এক তৃণমূলপন্থী আইনজীবীর তথ্যের অধিকার আইনে (RTI) করা আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তালিকায় এই নামে কোনো নথিভুক্ত চিকিৎসকের অস্তিত্ব নেই। দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত ও বিভিন্ন শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া শৌর্যবাবুর এই পরিচয় ঘিরেই এখন দানা বেঁধেছে ‘ভুয়ো ডাক্তার’ বিতর্ক।

রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায় জানিয়েছেন, তাঁদের রেজিস্টারে এই নামের কোনো উল্লেখ নেই। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী অভিযোগটিকে ভিত্তিহীন দাবি করে জানিয়েছেন, আনুষ্ঠানিক নোটিস পেলে তিনি যথাযথ জবাব দেবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেও অস্বস্তি বাড়ছে। প্রার্থীর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই না করেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দলেরই একাংশ।

তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে হাতিয়ার করে আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র একে ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করে থানায় অভিযোগ জানানোর কথা বলেছেন। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের মুখে সীমান্ত সংলগ্ন এই সংবেদনশীল কেন্দ্রে প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক পদ্মশিবিরের ভাবমূর্তি ও নির্বাচনি সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *