বাংলাজুড়ে দুর্যোগের ভ্রুকুটি: কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির প্রভাবে কলকাতায় একধাক্কায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিলেও ঝড়ের আশঙ্কা তৈরি করেছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকলেও রবি ও সোমবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে পুনরায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট বাড়বে।
বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং গত ২৪ ঘণ্টায় ১০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকতে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

