লেটেস্ট নিউজ

বাংলাদেশি অর্থে বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের অভিযোগ শুভেন্দুর, পাল্টা তোপ হুমায়ুনের

মুর্শিদাবাদের বেলডাঙায় নির্মীয়মাণ বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ তুলে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের দাবি, গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে গিয়ে জামাত ঘনিষ্ঠদের সহায়তায় ওই মসজিদের ৫০ শতাংশ টাকা জোগাড় করেছেন হুমায়ুন। শুভেন্দু আরও অভিযোগ করেন, তৃণমূল ও জামাতের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে সীমান্ত এলাকায় মৌলবাদী শক্তিকে শক্তিশালী করছেন ভরতপুরের এই বিধায়ক।

পাল্টা প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির সমস্ত অভিযোগ অস্বীকার করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি জানান, বাংলাদেশ সফরটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং বন্ধুদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। স্বচ্ছভাবেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অনুদানে এই মসজিদ নির্মিত হচ্ছে বলে দাবি তাঁর। গত ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করেই তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যার সঙ্গে বিদেশি কোনো আর্থিক যোগসূত্র নেই।

রাজনৈতিক মহলে এই বাকযুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হুমায়ুন কবির আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজেকে ‘কিং মেকার’ হিসেবে দাবি করলেও শুভেন্দু অধিকারীর মতে, এটি হিন্দুদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। বিরোধী দলনেতার অভিযোগকে ভিত্তিহীন ও নীচ মানসিকতার পরিচয় বলে অভিহিত করে হুমায়ুন নিজের ভ্রমণসূচি জনসমক্ষে আনতেও দ্বিধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ বর্তমানে তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *