লেটেস্ট নিউজ

বাংলায় বড়সড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণা বিজেপির, মার্চ মাসেই শুরু হচ্ছে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’

আসন্ন নির্বাচনের আগে বাংলায় ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে ১ মার্চ থেকে ব্যাপক কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। ১০ দিনব্যাপী এই ‘পরিবর্তন যাত্রা’র মাধ্যমে ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যজুড়ে ৬৪টি বড় জনসভা এবং ৩০০-র বেশি ছোট সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর এক বিশাল জনসভার মাধ্যমে সমাপ্ত হবে।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১ ও ২ মার্চ রাজ্যের ৯টি পৃথক স্থান থেকে এই যাত্রা শুরু হবে। কোচবিহার, সন্দেশখালি এবং কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অমিত শাহ, নীতিন গড়কড়ি ও স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। দুর্নীতি ও সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার অভিযোগ তুলে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে দাবি করেছে গেরুয়া শিবির।

সল্টলেকে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে এই যাত্রার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্রে খবর, ৩ ও ৪ মার্চ হোলি উপলক্ষে বিরতি দিয়ে ১০ মার্চের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে চায় বিজেপি। তৃণমূল স্তরে পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়ে সংগঠনের শক্তি প্রদর্শনই এখন বঙ্গ বিজেপির প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *