বাংলার বিধায়কদের আমলনামা! অর্ধেকই অপরাধের দুনিয়ার আর অর্ধেকেরও বেশি কোটিপতি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজার আগেই অস্বস্তিকর তথ্য সামনে এল। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, রাজ্যের বর্তমান বিধায়কদের প্রায় অর্ধেকই অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। শুধু অপরাধ নয়, রাজনীতির ময়দানে দাপট দেখাচ্ছে কাঁচা টাকাও। তথ্য বলছে, বর্তমান ২৯১ জন বিধায়কের মধ্যে ১৫২ জনই কোটিপতি।
কার পাল্লায় কত অপরাধ?
রিপোর্ট অনুযায়ী, ১৩৬ জন বা প্রায় ৪৭ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১০৯ জনের বিরুদ্ধে খুনের মতো গুরুতর অভিযোগ বর্তমান। দলগতভাবে দেখলে বিজেপি বিধায়কদের ৬৬ শতাংশ এবং তৃণমূলের ৪১ শতাংশ বিধায়ক এই তালিকার অন্তর্ভুক্ত। গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং জনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধেও রয়েছে মামলার বোঝা।
কোটিপতিদের রাজত্ব
রাজ্য রাজনীতিতে সম্পদের হিসেবও চমকে দেওয়ার মতো। মোট বিধায়কদের ৫২ শতাংশই কোটিপতি।
- তৃণমূল কংগ্রেস: ২২৩ জনের মধ্যে ১২৮ জন কোটিপতি (৫৭%)।
- বিজেপি: ৬৪ জনের মধ্যে ২১ জন কোটিপতি (৩৩%)।সব মিলিয়ে বাংলার বিধায়কদের মোট সম্পত্তির পরিমাণ ৮২১.৫০ কোটি টাকা।
শিক্ষা ও নারী প্রতিনিধিত্ব
পড়াশোনার নিরিখে ৬৩ শতাংশ বিধায়ক স্নাতক বা তার বেশি উচ্চশিক্ষিত। তবে ৩৬ শতাংশ বিধায়কের পড়াশোনা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। জনৈক বিধায়ক নিজেকে নিরক্ষর হিসেবেও ঘোষণা করেছেন। অন্যদিকে, নারী শক্তির কথা বারংবার বলা হলেও বিধানসভায় ছবিটা ফিকে। মাত্র ১৫ শতাংশ অর্থাৎ ৪৫ জন মহিলা বিধায়ক বর্তমানে রয়েছেন।
২০২৬-এর নির্বাচনে ভোটাররা কি এই অপরাধের খতিয়ান এবং পাহাড়প্রমাণ সম্পত্তির কথা মাথায় রেখে ইভিএমে বোতাম টিপবেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

