বাড়ছে গরম, দুপুরের বদলে সকালের শিফটে স্কুল চালুর পথে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আগামী ৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল মর্নিং শিফটে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দুপুরের তীব্র গরম ও লু থেকে পড়ুয়াদের রেহাই দিতেই এই পদক্ষেপ করা হয়েছে, যাতে তারা নিরাপদে শিক্ষা গ্রহণ করতে পারে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৬ এপ্রিল থেকে স্কুল শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে এবং ছুটি হবে দুপুর ১২টা ২০ মিনিটে। মিড-ডে মিলের জন্য বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এই পরিবর্তিত সময়সূচি ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে। গরমের ছুটির পর স্কুল পুনরায় খুললে আবার আগের মতো সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্লাস চলবে।
যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক বেশি, সেখানে ভিড় এড়াতে মিড-ডে মিলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা প্রয়োজনে দুটি আলাদা শিফটে মিড-ডে মিল খাওয়ানোর সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে বাচ্চাদের রোদে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে না এবং সুষ্ঠুভাবে খাদ্য বণ্টন সম্ভব হবে।
তীব্র গরমের পরিস্থিতি মোকাবিলায় জেলা শাসকদেরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি কোনও নির্দিষ্ট জেলায় গরমের প্রভাব অত্যধিক বেড়ে যায়, তবে পরিস্থিতি বিবেচনা করে সেখানকার জেলা শাসক স্কুলের সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন। পড়ুয়াদের শারীরিক অসুস্থতা এড়াতে এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা।
