লেটেস্ট নিউজ

বাদুড়িয়ায় বিএলও-র হাতে স্বামী খুন, এবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাঞ্চল্যকর নাসির আলি হত্যাকাণ্ডে নতুন মোড় এল। স্বামীর নৃশংস খুনের পর পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নিহতের স্ত্রী বিউটি খাতুন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের শ্বশুরবাড়িতেই কীটনাশক পান করেন ২৭ বছর বয়সী ওই মহিলা। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশি তদন্তে জানা গেছে, ধৃত বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের সঙ্গে বিউটির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় দেড় বছর আগে নাসির এই সম্পর্কের কথা জানতে পারায় বিএলও-র সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিবাদ চলছিল। গত শনিবার তিনটি খাল থেকে নাসিরের খণ্ড খণ্ড দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, নথি সংক্রান্ত সমস্যার অছিলায় নাসিরকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে বিএলও রিজওয়ান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিপূর্বেই বিএলও রিজওয়ান এবং সাগর গাইন সহ প্রদীপ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খুনের নেপথ্যে থাকা মূল কারণ ও দেহ লোপাটের প্রক্রিয়াটি খতিয়ে দেখছে। স্বামীর মৃত্যুর পর সামাজিক চাপ ও অপরাধবোধ থেকে বিউটি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *