বাবরের নামে ধর্মীয় স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
মুঘল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য বা মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে দায়ের করা আবেদনটি শুনতে শুক্রবার অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কোনো নির্দেশ দিতে রাজি না হওয়ায় আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন। কেন্দ্র ও রাজ্য সরকারকে এই সংক্রান্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল এই পিটিশনে।
মামলা চলাকালীন আবেদনকারীর পক্ষ থেকে মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে নির্মিত ‘বাবরি মসজিদ’-এর প্রসঙ্গটি উত্থাপন করা হয়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে এই মসজিদের শিলান্যাস হয়েছিল এবং চলতি মাসের ১১ তারিখ থেকে এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই স্থাপত্যকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বাবরের নামে কোনো স্থাপত্য বা মসজিদের নামকরণ নিষিদ্ধ করার মতো বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। ইতিপূর্বে হুমায়ুন কবীরের নেতৃত্বে এই নির্মাণকাজ ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ছড়িয়েছিল। তবে শীর্ষ আদালতের এই অবস্থানের পর বেলডাঙার বিতর্কিত মসজিদ নির্মাণ নিয়ে আইনি লড়াইয়ের পথ আপাতত রুদ্ধ হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

