বাবার উত্তরাধিকার বনাম রাজনীতির ময়দান: বিধানসভা নির্বাচনে লড়াইয়ে দুই প্রাক্তন মন্ত্রীপুত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের মহারণে এবার নজর কাড়ছেন সিপিএম আমলের দুই প্রভাবশালী মন্ত্রীর পুত্র। রায়দিঘি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রাজারহাট-নিউটাউন কেন্দ্রে লড়ছেন গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। দুই হেভিওয়েট নেতার উত্তরসূরিদের এই লড়াই রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।
পরিবারতন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে সাম্য ও সপ্তর্ষি উভয়েই দলের আদর্শকে প্রাধান্য দিচ্ছেন। সাম্যর মতে, বাবার পরিচিতি তাঁর জন্য বাড়তি পাওনা এবং প্রচারের ফ্লেক্সেও থাকছে সেই ঐতিহ্যের ছোঁয়া। সপ্তর্শিও মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাই তাঁর প্রধান শক্তি। বাবার পরিচয় থাকলেও নিজেদের কাজের মাধ্যমেই তাঁরা ভোটারদের আস্থা অর্জন করতে চান।
মঙ্গলবার থেকেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন দুই প্রার্থী। রায়দিঘিতে থমকে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন সাম্য। অন্যদিকে, গত নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়ের লক্ষ্যে জনসংযোগ শুরু করেছেন সপ্তর্ষি। ঐতিহ্যের উত্তরাধিকার আর নতুন প্রজন্মের অঙ্গীকার—এই দুইয়ের সমন্বয়েই এখন ভোট বৈতরণী পার হতে মরিয়া সিপিএমের এই দুই তরুণ মুখ।

