বামেদের ‘শূন্যের গেরো’ কাটাতে ময়দানে প্রবীণ নেতা বিমান বসু – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার খাতা খুলতে মরিয়া বামফ্রন্ট। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকা বামেরা গত নির্বাচনে একটিও আসন পায়নি, যা নিয়ে শাসকদলের ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের। এই প্রতিকূলতা কাটাতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবার সরাসরি ময়দানে নামছেন ছিয়াশি বছর বয়সী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে বিশেষ কিছু আসনে রণকৌশল সাজাচ্ছে আলিমুদ্দিন।
চলতি নির্বাচনে বামেদের সামনে চ্যালেঞ্জ অনেক। এবার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি এবং আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। ২৯টি আসনে সমঝোতা হলেও চারটি কেন্দ্রে উভয় পক্ষই প্রার্থী ঘোষণা করায় অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে বুধবার যাদবপুর থেকে নির্বাচনী প্রচার ও কর্মিসভা শুরু করছেন বিমান বসু। সেখানে উপস্থিত থাকবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যের মতো প্রথম সারির নেতারা।
শারীরিক সীমাবদ্ধতা থাকলেও বিমান বসু এখনও লড়াইয়ের সামনের সারিতে অবিচল। দলীয় সূত্রে খবর, উত্তরপাড়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও তার কর্মিসভা করার সম্ভাবনা রয়েছে। মূলত যেসব আসনে জয়ের সম্ভাবনা রয়েছে, সেখানে নিচুতলার কর্মীদের উদ্বুদ্ধ করাই তার প্রধান লক্ষ্য। ২৬-এর এই কঠিন লড়াইয়ে বামেদের হারানো জমি পুনরুদ্ধার এবং বিধানসভায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিমান বসুর এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

