লেটেস্ট নিউজ

বিচার বিভাগীয় নজরদারিতে এসআইআর নথি যাচাই শুরু, তৎপরতা তুঙ্গে

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে থমকে থাকা এসআইআর নথি যাচাইয়ের কাজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিচার বিভাগীয় অফিসারদের নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসাররা প্রতিটি নথির তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির কাজ করছেন। মূলত ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতেই বিচারকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কাজে গতি আনতে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের নির্দিষ্ট বিধানসভা ভিত্তিক এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের জন্য পৃথক লগইন আইডি ও ওটিপি-র ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে তাঁরা বুথ ভিত্তিক ভোটার তালিকা, এনিউমারেশন ফর্ম এবং আনুষঙ্গিক নথি যাচাই করতে পারছেন। নথিপত্র পর্যবেক্ষণের পর বিএলও বা ইআরও-দের রিপোর্টের ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ বা বর্জন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন এই অফিসাররাই।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে রবিবারই উত্তর কলকাতা-সহ জেলায় জেলায় জুডিশিয়াল অফিসারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের পরামর্শে জেলা ও অতিরিক্ত জেলা জজরা এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অত্যন্ত দ্রুততার সঙ্গে এই স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *