লেটেস্ট নিউজ

বিজয় মালিয়ার দেশে ফেরা অনিশ্চিত, বম্বে হাইকোর্টে হলফনামা জমার নির্দেশ

পলাতক শিল্পপতি বিজয় মালিয়া বম্বে হাইকোর্টকে জানিয়েছেন যে, আইনি জটিলতার কারণে তার পক্ষে বর্তমানে ভারতে ফেরা সম্ভব নয়। বুধবার আদালতকে তিনি জানান, ব্রিটিশ আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি ইংল্যান্ড ও ওয়েলস ছাড়তে পারছেন না। মালিয়ার দাবি, ২০১৬ সালে ভারত সরকার তার পাসপোর্ট বাতিল করায় তার কাছে কোনো বৈধ আন্তর্জাতিক ভ্রমণ নথি নেই।

মালিয়ার আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, মামলার শুনানির জন্য তাকে সশরীরে দেশে ফিরতে হবে। শুধুমাত্র মৌখিক বিবৃতি যথেষ্ট নয় উল্লেখ করে আদালত মালিয়াকে আগামী ১১ মার্চের মধ্যে বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মালিয়া ফিরতে চাইলে তাকে প্রয়োজনীয় ভ্রমণ নথি দেওয়া হবে। তবে পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের আওতায় চলা এই মামলায় আদালত মালিয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও হলফনামা জমা না দেওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে পর্যবেক্ষণ আদালতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *