‘বিজেপিকে সরানোর কাউন্টডাউন শুরু’, দাবি কেজরিওয়ালের – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি
আবগারি দুর্নীতি মামলায় আইনি স্বস্তি পাওয়ার পর এবার সরাসরি রণংদেহি মেজাজে ময়দানে নামলেন আম আদমি পার্টির Supreme \titleonlyো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরে এক বিশাল মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি ঘোষণা করলেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
কারামুক্তির পর এটিই ছিল কেজরিওয়ালের প্রথম বড় জনসভা। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, তাঁকে ফাঁসানোর জন্য খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করেছিলেন। সোনাম ওয়াংচুককে জেলে পাঠানো নিয়ে সরব হওয়ার পাশাপাশি গত ১২ বছরের বিজেপি শাসনে দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’ স্লোগানকে কটাক্ষ করে আপ প্রধান বলেন, দেশের মানুষ আজ কেবল ‘বসবাসের যোগ্য ভারত’ চায়।
দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেজরিওয়াল জানান, এক বছরের বিজেপি শাসনে রাজধানীর রাস্তাঘাট থেকে পানীয় জল— সবকিছুরই বেহাল দশা। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে তিনি সরাসরি মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মোদীজি, আপনি ক্ষমতার জন্য কাজ করুন, আর আমি দেশের জন্য কাজ করব।”
২০১১ সালের ৪ এপ্রিল যন্তরমন্তরের সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি উসকে দিয়ে কেজরিওয়াল স্মরণ করিয়ে দেন, সেদিন যেভাবে কংগ্রেস শাসনের পতনের ভিত তৈরি হয়েছিল, আজ ঠিক সেভাবেই বিজেপির বিদায়ের সূচনা হলো। এদিনের হাই-ভোল্টেজ সমাবেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও মণীশ সিসোদিয়া, আতিশি এবং সঞ্জয় সিংয়ের মতো প্রথম সারির আপ নেতারা উপস্থিত ছিলেন।

