বিজেপিকে ৫০-এর গণ্ডিতেই আটকে দেব, হুঙ্কার অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কাশীপুরের লধুড়কা মাঠের জনসভা থেকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “ভারতীয় জুমলা পার্টিকে এবার ৫০-এর গণ্ডিও পেরতে দেব না।”
কেন্দ্রীয় বঞ্চনা এবং এসআইআর (SIR) ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির কাছে ইডি, সিবিআই আর টাকা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে।” সাধারণ মানুষকে তাঁর পরামর্শ, “ভোটের সময় বিজেপি টাকা দিলে দর করে নিন, কিন্তু ভোটটা দিন জোড়াফুলেই। ব্যালট বক্স খুললে ওরা যেন চোখে সর্ষে ফুল দেখে।”
এদিন নোটবন্দি থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা— একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন অভিষেক। তাঁর অভিযোগ, ভিনরাজ্যে বাংলার মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে। এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্তা করায় রাজ্যে ১১৭ জন আত্মহত্যা করেছেন বলেও তিনি দাবি করেন। তাঁর সাফ কথা, বাংলার মানুষের অধিকারের টাকা যারা আটকে রেখেছে, এই ভোটে তাদের যোগ্য জবাব দিতে হবে।

