বিজেপিতে যোগ দিলেন প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী, পরিবারে রাজনৈতিক বৈচিত্র্য
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক দিল বিজেপি। বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী তথা আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরে যোগ দিলেন। রাজ্য সদর দপ্তরে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি দলীয় পতাকা তুলে নেন। রাজনীতিতে নতুন ইনিংস শুরু করে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন কস্তুরী।
কস্তুরীর এই সিদ্ধান্তে গোস্বামী পরিবারে এখন ত্রিমুখী রাজনৈতিক অবস্থান তৈরি হলো। বাবা ক্ষিতি গোস্বামী ছিলেন আজীবন বামপন্থী নেতা, অন্যদিকে তাঁর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী বর্তমানে তৃণমূলের একজন কাউন্সিলর। এবার কস্তুরী বিজেপিতে যোগ দেওয়ায় এক সময়ের বাম নেতার পরিবারে ঘাসফুল ও গেরুয়া—উভয় শিবিরেরই উপস্থিতি নিশ্চিত হলো। পেশায় আইনের ছাত্রী কস্তুরীর এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কস্তুরীর পাশাপাশি এদিন বিজেপিতে শামিল হয়েছেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকা এবং প্রাক্তন এনএসজি ও সিআরপিএফ কর্তারা। লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। প্রাক্তন পূর্তমন্ত্রীর কন্যার সক্রিয় রাজনীতিতে পদার্পণ আসন্ন নির্বাচনে কোনো বিশেষ প্রভাব ফেলে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

