বিজেপির দুর্বল কেন্দ্রে মহিলা ভোটারদের ‘বিচারাধীন’ রাখার অভিযোগ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচনের আবহে ‘বিচারাধীন ভোটার তালিকা’ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের দাবি, গত নির্বাচনে যেসব কেন্দ্রে বিজেপির ফল খারাপ ছিল, সেখানেই পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মহিলা ভোটারকে এই তালিকায় রাখা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বাংলার মহিলা ভোটব্যাঙ্কে আঘাত হানতেই এই কৌশল নেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, স্বরূপনগর, বাদুড়িয়া, মিনাখাঁ ও অশোকনগরের মতো কেন্দ্রগুলিতে বিচারাধীন ভোটারদের একটি বড় অংশই মহিলা। উদাহরণস্বরূপ, মিনাখাঁয় ৩২,৬১৪ জন বিচারাধীন ভোটারের মধ্যে ১৭,২৫৬ জনই মহিলা। এমনকি সন্দেশখালি ও সীমান্ত লাগোয়া এলাকাগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। এছাড়া তালিকায় জেলার ২৬ জন তৃতীয় লিঙ্গের ভোটারকেও রাখা হয়েছে।
Supreme \titleonly কোর্টের নির্দেশে বর্তমানে এই ভোটারদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। তবে মাইক্রো অবজার্ভার নিয়োগ ও তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে শাসকদল। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, যা উত্তর ২৪ পরগনার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

