বিজেপির প্রার্থীতালিকা চূড়ান্ত, প্রথম দফায় দিলীপ-শুভেন্দুর নামে সিলমোহর? – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রের খবর, প্রথম দফার প্রার্থীতালিকা প্রায় চূড়ান্ত এবং শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভার পরই এই তালিকা প্রকাশিত হতে পারে। জেপি নাড্ডা, অমিত শাহ ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে অর্ধেকের বেশি আসনের প্রার্থীদের নামে সিলমোহর পড়েছে বলে জানা গেছে।
প্রাথমিক তালিকায় প্রায় ১৬০ জন প্রার্থীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতাদের নাম শীর্ষে রয়েছে। দল মূলত বর্তমান বিধায়কদের ওপর আস্থা রাখলেও, এবার বর্তমান সাংসদদের প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্বাচনে লড়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবারের নির্বাচনে বিজেপি মহিলা ও তরুণ মুখদের অধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছে। একইসঙ্গে অন্য দল থেকে আগত নেতাদের টিকিট পাওয়া নিয়ে সংশয় থাকলেও, রাজ্যসভার কয়েকজন প্রাক্তন সাংসদকে প্রার্থী করা হতে পারে। নির্বাচন কমিশন আগামী সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে, তবে তার আগেই প্রথম দফার তালিকা প্রকাশ করে প্রচারে এগিয়ে থাকতে চাইছে গেরুয়া শিবির।

