বিজেপির প্রার্থী তালিকায় ব্রাত্য দিলীপ-জায়া, দুর্নীতির অভিযোগে সরব রিঙ্কু মজুমদার – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। দীর্ঘদিন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করার পর রাজারহাট-নিউটাউন বা বীজপুর কেন্দ্র থেকে টিকিট প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু প্রকাশিত প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে চরম হতাশ রিঙ্কু দেবী। তাঁর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে অবজ্ঞা করা হয়েছে।
দলের মনোনীত প্রার্থীদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন রিঙ্কু মজুমদার। তিনি সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালের কাছে অভিযোগ জানিয়েছেন যে, রাজারহাট-নিউটাউন ও বীজপুরের প্রার্থীরা আর্থিক দুর্নীতি ও ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত। রিঙ্কু দেবীর দাবি, টিকিট বণ্টনের ক্ষেত্রে দল দ্বিচারিতা করছে। অন্যান্য কেন্দ্রে একই পরিবারের একাধিক সদস্য টিকিট পেলেও, তাঁর ক্ষেত্রে ‘পরিবারতন্ত্রের’ অজুহাত দেখিয়ে তাঁকে বঞ্চিত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তি দানা বেঁধেছে। রিঙ্কু মজুমদারের অভিযোগ, অভিযুক্ত প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রমাণ দেওয়ার আশ্বাস সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব কোনো পদক্ষেপ করেনি। নিজেকে ‘ব্রাত্য’ মনে করে তিনি প্রশ্ন তুলেছেন, বছরের পর বছর দলের জন্য কাজ করার প্রতিদান কি এটাই? ভোটের মুখে হেভিওয়েট নেতার স্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য গেরুয়া শিবিরের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

