বিজেপির ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা চাল দিতে কোমর বেঁধে নামছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘লাভার্থী সম্পর্ক অভিযান’। লক্ষ্য একটাই— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের ভিড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় প্রকল্পের সুফলগুলো মানুষের সামনে তুলে ধরা।
বিজেপি সূত্রের খবর, রাজ্যের প্রায় ৬৪ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ২ কোটি ভোটার। এই বিশাল অংশের মানুষের কাছে কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পের খতিয়ান এবং তার গুরুত্ব বোঝাতেই বাড়িতে বাড়িতে যাবেন পদ্ম শিবিরের নেতারা। মূলত লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কাটাতে এবং মোদী সরকারের কাজের প্রচার বাড়াতেই এই বিশেষ জনসংযোগ অভিযান শুরু করছে গেরুয়া শিবির।

