লেটেস্ট নিউজ

বিজেপি যুবমোর্চার নতুন রাজ্য কমিটি নিয়ে দলের অন্দরে তীব্র অসন্তোষ

বিজেপি যুবমোর্চার নতুন রাজ্য কমিটি ঘোষণার পর দলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধেছে। রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ ঘোষিত এই কমিটিতে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মতো বিজেপির শক্তিশালী ঘাঁটিগুলো কার্যত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। বিশেষ করে মালদহ, দার্জিলিং ও বিষ্ণুপুরের মতো জয়ী আসন থেকে কোনো প্রতিনিধি না থাকায় দলের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিপরীতে, দক্ষিণ কলকাতা ও হাওড়ার মতো যেসব এলাকায় বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, সেখান থেকে সর্বাধিক সদস্য নেওয়া হয়েছে। অভিযোগ উঠছে, ইন্দ্রনীল খাঁ নিজের ঘনিষ্ঠ বৃত্ত ও এলাকার নেতাদের প্রাধান্য দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। আরামবাগ, বাঁকুড়া ও মুর্শিদাবাদের মতো সক্রিয় জেলাগুলো বাদ পড়ায় কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছে।

ভোটের মুখে প্রকাশ্যে বিদ্রোহ না হলেও, আদি ও নব্য নেতাদের মধ্যে ভারসাম্যহীনতা নিয়ে অন্দরে চর্চা তুঙ্গে। দলের একাংশ মনে করছেন, জয়ী এলাকাগুলোকে গুরুত্ব না দিয়ে পরাজয় নিশ্চিত এমন জায়গায় পদ বিলি করা হয়েছে। এই বিতর্ক প্রসঙ্গে রাজ্য যুবমোর্চা সভাপতি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *