বিজেপি-সিপিএম আঁতাঁত স্পষ্ট, রাজ্যের নাম ‘বাংলা’ আদায়ে অনড় মমতা
কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির সেবাতীর্থ কমপ্লেক্সে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেরলবাসীকে অভিনন্দন জানালেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, কেরলে বিজেপি ও সিপিএমের গোপন আঁতাঁত এখন প্রকাশ্যে আসায় কেন্দ্র সেখানে দ্রুত অনুমোদন দিয়েছে, অথচ বাংলাকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ হওয়ায় বর্ণানুক্রমিক তালিকায় বাংলাকে সব শেষে থাকতে হয়। এর ফলে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা—সব ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিধানসভায় একাধিকবার প্রস্তাব পাশ করে নাম ‘বাংলা’ করার দাবি জানানো হলেও কেন্দ্র তা বারবার প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় সরকারের এই আচরণ আদতে “বাংলাবিরোধী” মানসিকতারই বহিঃপ্রকাশ।
অন্য রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তে তাঁর কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তিনি ‘বাংলা’ নাম আদায় করতে অনড়। মমতার হুঁশিয়ারি, বর্তমান সরকার অনুমোদন না দিলেও গণতান্ত্রিক উপায়ে একসময় এই দাবি ছিনিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব ঝুলে রয়েছে কেন্দ্রের কাছে, যার নেপথ্যে প্রতিবেশী দেশের নামের সঙ্গে সাদৃশ্যের যুক্তি দেওয়া হয়েছিল।

