বিদেশে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত, কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ মোদীর – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার যখন তৎপর, তখন কংগ্রেস এই ইস্যু নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেরলের এরনাকুলামে একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি বলেন, সরকার ও তাঁকে ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করতেই বিরোধী দল পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে।
প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করে তোলার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, বিদেশে ভারতীয়দের বিপন্ন রেখে রাজনৈতিক সুবিধা নেওয়া এবং সামাজিক মাধ্যমে প্রচারের জন্য ‘রিল’ তৈরি করাই বিরোধীদের লক্ষ্য। এই ধরনের আচরণকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের ‘আত্মনির্ভর’ হওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মোদী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানি সমস্যা প্রমাণ করে দেয় যে দেশের স্বনির্ভরতা কতটা জরুরি। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।

