বিধানসভা নির্বাচন: জোড়া আসনে লড়ছেন হুমায়ুন কবীর, প্রকাশ পেল এজেউপি-র প্রার্থী তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির (এজেউপি) প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের চেয়ারম্যান তথা তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর দল রাজ্যের মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম দফায় ১৫ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর কায়দায় হুমায়ুন নিজেও দুটি আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নামছেন।
তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক গতবার ভরতপুর থেকে জয়ী হলেও এবার সেই আসন থেকে দাঁড়াচ্ছেন না। এমনকি জল্পনা থাকলেও বেলডাঙা থেকেও তিনি প্রার্থী হননি। বেলডাঙায় সৈয়দ আহমেদ কবীরকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, কান্দি আসন থেকে লড়বেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হায়দার। এছাড়া মালদা ও বর্ধমানের একাধিক কেন্দ্রের প্রার্থীর নামও এদিন চূড়ান্ত করা হয়েছে।
হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী ২২ মার্চ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক মহলে গুঞ্জন, মিম-এর (MIM) সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তী তালিকায় তার প্রতিফলন দেখা যেতে পারে। বর্তমানে রেজিনগরে তৃণমূলের আতাউর রহমান এবং নওদায় শাহিনা মুমতাজের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হুমায়ুন। মালদা ও মুর্শিদাবাদের আসনগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাঁর নবগঠিত এই দল।

