বিবাহিত পুরুষের পারস্পরিক সম্মতিতে লিভ-ইন অপরাধ নয়: এলাহাবাদ হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
বিবাহিত হওয়া সত্ত্বেও কোনো পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে অন্য কোনো নারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। সম্প্রতি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক মামলার প্রেক্ষিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জে জে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে যে, প্রাপ্তবয়স্ক দুজন মানুষ নিজেদের ইচ্ছায় একসঙ্গে থাকলে সেখানে আইনি হস্তক্ষেপের অবকাশ নেই।
মামলাটি গড়ে উঠেছিল অনামিকা ও নেত্রপাল নামের এক যুগলের রিট পিটিশনের ভিত্তিতে। অনামিকার পরিবারের পক্ষ থেকে অপহরণ ও ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হলেও, আদালত জানায় যে আইন ও নৈতিকতাকে আলাদাভাবে দেখা প্রয়োজন। সামাজিক দৃষ্টিভঙ্গি বা নৈতিকতার দোহাই দিয়ে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আদালত সংশ্লিষ্ট যুগলকে গ্রেপ্তার না করার এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অনার কিলিং বা শারীরিক ক্ষতির আশঙ্কা থাকলে পুলিশকে সতর্ক থাকতে হবে। আবেদনকারী নারীর পরিবার যাতে ওই যুগলের আবাসে প্রবেশ করতে বা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ৮ এপ্রিল ধার্য করেছে।

