বিয়ের কার্ডে এ কী লিখলেন কৃতিকা ও গৌরব? চিরাচরিত প্রথা ভেঙে তাক লাগানো নিমন্ত্রণ ভাইরাল – এবেলা
এবেলা ডেস্কঃ
টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে কৃতিকা কামরা ও গৌরব কপূরের বিয়ের সানাই। আগামী ১১ মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা যুগল। তবে জাঁকজমক এড়িয়ে ঘনিষ্ঠ বৃত্তেই অনুষ্ঠান সারতে চাইছেন তাঁরা। মুম্বইয়ে গৌরবের বাসভবনেই বসবে বিয়ের আসর।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ব্যতিক্রমী আমন্ত্রণপত্র। সাধারণ বিয়ের কার্ডের সাজসজ্জা নয়, বরং সাদা-কালোয় লেখা সেই পত্রে মিশে আছে আধুনিকতার ছোঁয়া। সেখানে অতিথিদের উদ্দেশে এই যুগল লিখেছেন, “আমরা আমাদের বিবাহিত জীবনের শুরুটা আপনাদের সঙ্গে উদ্যাপন করতে চাই। শান্ত ভাবে, কোনো তাড়াহুড়ো না করে। তাড়াতাড়ি আসবেন এবং আমাদের সঙ্গে গোটা রাত কাটাবেন।”
প্রথাগত প্রীতিভোজের বদলে আগামী ১২ মার্চ এক বিশেষ পার্টির আয়োজন করেছেন কৃতিকা ও গৌরব। আমন্ত্রণের ধরন দেখে স্পষ্ট যে, আড়ম্বর নয় বরং আপনজনদের সঙ্গে গুণগত সময় কাটানোই তাঁদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, এর আগে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে কৃতিকার সম্পর্কের গুঞ্জন থাকলেও তা নিয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। অন্যদিকে, ২০১৪ সালে কিরত ভট্টলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব। তবে সম্প্রতি তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। অতীতের সেই অধ্যায় সরিয়ে রেখে এবার কৃতিকার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন গৌরব।

